আমি ঢাকায় একটি ব্যাচেলর বাসায় থাকি। নিরাপত্তাজনিত কারণে ফজরের সময় বাসার গেট খোলা হয় না। এই অবস্থায় আমাদের ইউনিটে থাকা ১০–১৩ জন মিলে বাসার ভেতরেই জামাতে সালাত আদায় করি। এতে কি আমরা জামাতে সালাত আদায়ের সাওয়াব পাব?
আমার আরেকটি প্রশ্ন আছে। আলহামদুলিল্লাহ, আমি একজন প্র্যাক্টিসিং মুসলিম। আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো কাজ শুরু করার পর হঠাৎ মনে হয়, আশেপাশের মানুষ যেন আমাকে এই কাজ করতে দেখে। কাজ শুরু করার আগে এই চিন্তা থাকে না, কিন্তু করার সময় চলে আসে।
এ কারণে মাঝে মাঝে মনে সন্দেহ হয়—আমি কি লোক দেখানোর জন্য করছি? এই ভাবনা থেকে কখনো কোনো ভালো কাজ মাঝপথে ছেড়ে দিই। আবার অনেক সময় নিজের করা কোনো ভালো কাজের কথা কাউকে বলে ফেলি, তারপর আফসোস হয়—কেন বললাম? তো আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিলাম।
এই বিষয়গুলো নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। এ অবস্থায় আমি কী করতে পারি? যদি সমাধান দিতেন, খুব উপকার হতো।
১। জ্বী, জামাতে সালাত আদায় করার সওয়াব পাবেন। তবে জামাত যত বড় হয় সওয়াব তত বেশী হয় বলে হাদীসে উল্লেখ আছে। যেহেতু আপনাদের বাইরে যাওয়া সম্ভব নয়, সুতরাং এভাবেই জামাতে সালাত আদায় করুন।
২। আপনি সব ধরণের ভালো কাজ করতে থাকুন, কখনো ত্যাগ করবেন না। শয়তান ভালো কাজ থেকে আপনাকে বিরত রাখার জন্য এমন ওয়াসওয়াসা দিচ্ছে মনের ভিতর। আপনার ভালো কাজ অব্যাহত থাকলে এক সময় শয়তান নিরাশ হয়ে যাবে, এই সমস্যা আর হবে না। সুতরাং চিন্তার কোন কারণ নেই, নিজের মতো করে কাজ করতে থাকুন।