সন্তানের চরম অবাধ্যতা
আসসালামু আলাইকুম। আমার ছেলে কলেজে পড়ে, বয়স ১৮-১৯ বছর। গত কয়েক বছর ধরে সে আমাকে একদমই সহ্য করতে পারে না। আমার কোনো কথা শোনে না, আমি কথা বলতে গেলে বা তার রুমে গেলে সে আমাকে ঘর থেকে বের করে দেয়। প্রবল খারাপ ব্যবহার ও চিল্লাচিল্লি করে; এক অর্থে আমাকে মা বলেই গণ্য করে না।
অথচ আমি কখনোই তার সাথে উচ্চবাচ্য করি না, খারাপ ব্যবহার তো দূরের কথা। সবসময় চেষ্টা করি যত দূর সম্ভব সুন্দরভাবে কথা বলতে। কিন্তু আমি যেভাবে-ই বলি না কেন, তার আচরণ একই থেকে যায়। যতই বোঝানোর চেষ্টা করি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না; বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
উদ্বেগের বিষয় হলো, ছেলের এমন আচরণের ব্যাপারে তার বাবাও খুব একটা সহানুভূতিশীল বা সহযোগীতাপূর্ণ নন, বরং বিষয়টি বেশ অবহেলা করেন।
পরামর্শের আবেদন:
১. মা হিসেবে এই মুহূর্তে আমার করণীয় কী এবং পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া উচিত?
২. এমন কোনো বিশেষ আমল, দোয়া বা দরুদ আছে কি যা নিয়মিত পড়া বা পালন করা উচিত?
ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের সমস্যা বহু পরিবারে এখন বিদ্যমান। এর সমাধান হলো বাড়ির সকলকেই পাঁচ ওয়াক্ত নামায যথা সময়ে আদায় করতে হবে। সকাল সন্ধ্যায় বাসায় কুরআন তেলাওয়াত করতে হবে, বিশেষ করে সূরা বাকারা। মোবাইলে কোন ধরণের না-জায়েজ কিছু দেখা যাবে না। বাসার ভিতরে ধর্মীয় পরিবেশ বজায় রাখতে হবে। নামাযের পর যেসব মাসনুন দুআ আছে, বিশেষ করে জ্বীন-যাদু থেকে পরিত্রানের দুআগুলো নিয়মিত পড়বেন। এভাবে করতে থাকুন, সাথে সাথে দুআ করুন। ইনশাআল্লাহ এক সময় ঠিক হয়ে যাবে। সন্তানের যদি ইসলামের জ্ঞান না থাকে, কুরআন না জানে তাহলে এগুলোর ব্যবস্থা করবেন।